রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। ফাল্গুনের শুরুতে পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিতে অনেকটা শীতের আমেজ ফিরে আসে।
রোববার সকালে ঢাকায় কালো মেঘ করে কয়েক দফা বজ্রসহ শিলাবৃষ্টি হয়।
গত কিছুদিন ধরে বায়ুদূষণে রাজধানী ঢাকা বিশ্বে প্রথম স্থানে উঠে আসে। বৃষ্টিতে ধুলার যন্ত্রণা থেকে স্বস্তি মিললেও সপ্তাহের প্রথম কর্মদিবসে বিড়ম্বনায় পড়ে অফিসগামী মানুষ। তীব্র যানজটের পাশাপাশি যানবাহনের সংকটে পড়ে নগরবাসী। কোথাও কোথাও পানিও জমে যায়।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত থেকেই দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি এলাকায় বৃষ্টি হচ্ছে।
শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং তা দেশের অন্যত্র সামান্য বৃদ্ধি পেতে পারে।
