ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় পাকা ঘর নির্মাণ করছেন এক ব্যবসায়ী। ছয় দিন ধরে কুমার নদের পাড়ে এই নির্মাণকাজ চলছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের পাশ দিয়ে বয়ে গেছে কুমার নদ। বাজারের স্লুইসগেট-সংলগ্ন উত্তরপাশে পাউবোর জমি দখল করে পাকা ঘর নির্মাণ করছেন বিল সড়াইল গ্রামের মনির মোল্যা। ছয় দিনে তিনি সরকারি ওই জায়গায় পিলার দিয়ে চারপাশে দেয়াল তুলে ফেলেছেন।পাউবোর জমিতে ঘর নির্মাণ করার বিষয়ে জানতে চাইলে মনির মোল্যা বলেন, ‘ফাঁকা জায়গা, তাই আমি ঘর তুলছি। যদি কেউ পরে ভেঙে ফেলে ফেলুক, তখন বোঝা যাবে কী করব।’সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ শফিকুর রহমান সজল বলেন, কেউ অবৈধ উপায়ে সরকারি জায়গা দখল করুক তা আমি চাই না। প্রয়োজনে সরকারের কাছ থেকে অনুমতি কিংবা ইজারা নিয়ে স্থাপনা নির্মাণ করুক। তিনি কুমার নদ দখলমুক্ত করার বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।পানি উন্নয়ন বোর্ডের বোয়ালমারীর দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী শশ্মকো কুমার বিশ্বাস বলেন, ‘ঘর তোলার বিষয়টি শুনেছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘ঘর তোলার বিষয়টি জানা ছিল না। তবে যেহেতু শুনেছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’
যেখানে সারা দেশে নদ-নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের প্রক্রিয়া চালাচ্ছে সরকার, সেখানে কীভাবে কুমার নদে অবৈধভাবে পাকা ঘর তোলা হচ্ছে? এ প্রশ্নে পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘জেলা শহর থেকে বেশ দূরে হওয়ায় খবরটি পাইনি। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোনো নদ বা নদীতে কেউ অবৈধভাবে কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। এ বিষয়ে অবৈধ দখলদারদের তালিকা তৈরির কাজ চলছে। অচিরেই স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হবে।
