শরীয়তপুর সদর উপজেলায় মাঠের খেলায় ঝগড়াকে কেন্দ্র করে বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে প্রতিপক্ষ। এ সময় সাতটি টিনের বসতঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। গত শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, গত ১৪ ফেব্রুয়ারি বিনোদপুর ইউনিয়নের সুবিদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করছিলেন সুবিদারকান্দি গ্রামের মতি (২১) ও ষোলঘর গ্রামের রহমান খাঁর (১৯) দল। একপর্যায়ে রহমান-মতির মধ্যে বাগ্বিতণ্ডা হয়। মতির লোকজন রহমান খাঁর পক্ষের মেহেদী হাসানকে (১৮) মারধরও করে। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত সাড়ে ৮টায় মতি ও সফি ব্যাপারীর নেতৃত্বে ষোলঘর গ্রামে ঢুকে সাতটি ঘর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
×
