নওগাঁর ধামইরহাটে শ্বাসরোধ করে এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের দল বৃদ্ধকে হত্যার পর চাল কলের অফিস ঘরের আলমারি ভেঙে মূল্যবান দলিলপত্র ও নগদ টাকা নিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার আমাইতাড়া বাজারে নজিপুর সড়কের পাশে হাসনাত চাল কলের কেয়ারটেকার আবেজ উদ্দিনকে (৭০) নিজ বিছানায় পড়ে থাকতে দেখে জনৈক ব্যক্তি ওই মিলের মালিককে খবর দেয়। মিল মালিক খালেকুজ্জামান জামাল জানান, খবর পেয়ে ধামইরহাট থানার ওসিসহ পুলিশের একটি দল গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃদ্ধ আবেজ উদ্দিন উপজেলার আড়ানগর ইউনিয়নের চকবদন গ্রামের মৃত জবির উদ্দিনের ছেলে।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, লাশের গলায় ও মাথায় আঘাতের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
