সড়ক দুর্ঘটনায় পাবনা মেডিকেল কলেজের (পামেক) ছাত্রী তানিজা হায়দার (১৯) নিহতের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে।গতকাল রবিবার পামেক শিক্ষার্থীরা শহরের জিরো পয়েন্টের শাপলা চত্বরের মূল সড়কে অবস্থান নেন। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অবরোধে পাবনার আবদুল হামিদ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা তানিজার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়াকে হত্যাকাণ্ড উল্লেখ করে জড়িত ইজিবাইক ও ট্রাকচালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ সড়ক নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান। পরে ছয় দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসককে দেন শিক্ষার্থীরা। গত ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুনের বিকেলে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে সড়ক দুর্ঘটনায় নিহত হন তানিজা।
×
