জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটিতে উদ্বোধন করা হয়েছে মুক্তিযুদ্ধ কর্নার। গতকাল রবিবার বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়া। এ সময় মুক্তিযুদ্ধ কর্নার বিষয়ে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ জানান, জাতিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্য আমাদের এই উদ্যোগ। জেলা প্রশাসন কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে সাধারণ লোকজন বিভিন্ন কাজে আসেন। এ সময় তারা এক পলকে মুক্তিযুদ্ধ কর্নারটি দেখতে পারবেন। এর মাধ্যমে দেশের কৃতী সন্তানদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তার সম্বন্ধে বিস্তারিত বিষয় দেখা ও জানার সুযোগ পাবেন। মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমীন আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
×
