আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলকে অযোগ্য ঘোষণা করা, হল সংসদে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ সংযোজনসহ চার দফা দাবিতে আগামী ১৯ ফেব্রুয়ারি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি দেবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
গতকাল রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে পরিষদের নেতারা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন। এ সময় সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, মুুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো শক্তিকে কখনোই ডাকসু নির্বাচনে আসতে দেবে না। ছাত্রদল ও ছাত্রশিবির এখন মুদ্রার এপিঠ-ওপিঠ উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ছাত্রশিবিরকে সঙ্গে নিয়ে সহাবস্থানের নামে মধুর ক্যান্টিনে প্রবেশ করেছিল ছাত্রদল। তাদের উদ্দেশ্য ছিল ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করা। কিন্তু মুুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীরা কখনোই ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে দেবে না।
