রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. মুহম্মদ শামসুজ্জোহার ৪৯তম শাহাদাতবার্ষিকী আজ সোমবার। স্বৈরশাসক আইয়ুব খানবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানি সেনাদের গুলি থেকে শিক্ষার্থীদের বাঁচাতে নিজেই জীবন দেন প্রক্টরের দায়িত্বে থাকা এ শিক্ষক। রসায়নের এ শিক্ষককে স্বাধীনতা সংগ্রামের অন্যতম শহীদ হিসেবে গণ্য করা হয়। দিবসটি উপলক্ষে শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জোহা স্মারক বক্তৃতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা। এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতির জন্য আমরা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
রাবি শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন বলেন, ‘ড. জোহার শাহাদাত আমাদের স্বাধীনতা আন্দোলনের সূত্র হিসেবে কাজ করেছে। এই আত্মত্যাগ শিক্ষকসমাজের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণার বাস্তবায়ন না হওয়া অত্যন্ত দুঃখজনক।’
