অধিকৃত কাশ্মীরে সেনাবহরে হামলায় ৪৯ জন নিহতের ঘটনায় মূলহোতাসহ দুই স্বাধীনতাকামীকে হত্যার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।
রাতভর অভিযান শেষে সোমবার ভারতীয় বাহিনী এ দাবি করেছে বলে জানায় এনডিটিভি।
অভিযানে স্বাধীনতাকামী সংগঠন জইশ-ই-মুহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের ‘বিশ্বস্ত সহযোগী’ ও জইশ কমান্ডার কামরান এবং আফগান নাগরিক গাজি রশিদকে হত্যা করা হয়।
কামরানকে গত ১৪ ফেব্রুয়ারি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর গাড়িবহরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়ে ৪৯ জনকে হত্যার মূলহোতা বলে দাবি করেছে ভারতীয় বাহিনী। আর রশিদকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তথা আইইডি বিশেষজ্ঞ মনে করা হচ্ছে।
পুলওয়ামা জেলায় সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, পুলিশ এবং সিআরপিএফ-এর এই যৌথ অভিযানে এক মেজরসহ চার সেনা সদস্যও নিহত হন। তারা হলেন- মেজর ডিএস দোন্দিয়াল, হেড কনস্টেবল শিব রাম, সিপাহী অজয় কুমার ও সিপাহী হরি সিংহ।
বন্দুকযুদ্ধের ঘটনায় একজন বেসামরিক কাশ্মীরী নিহত হয় বলেও পুলিশ সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি এই জেলায় সিআরপিএফ গাড়িবহরে জইশ সদস্য আদিল আহমেদ দারের আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪৯ জন সিআরপিএফ সদস্য নিহত হন। আহত হন আরও ডজনখানেক। এঘটনায় গোটা ভারতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
