দিনাজপুরে অস্ত্রসহ জেএমবি সদস্য আটক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৭ পিএম

দিনাজপুরে অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই ও লিফলেটসহ ১ জন সক্রিয় জেএমবি সদস্যকে গ্রেপ্তার  করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর জঙ্গি সেলের একটি বিশেষ অভিযানকারী দল রবিবার সন্ধ্যায় দিনাজপুর শহরের কোতোয়ালি থানার খানপুর বাজার এলাকা থেকে মো. নজরুল ইসলামকে (৪০) আটক করে। নজরুল ইসলাম জেলার সদর উপজেলার খানপুর গ্রামের ভিতরপাড়ার বাসিন্দা।

নজরুল ইসলামের কাছে ৫টি ধর্মীয় উগ্রবাদী বই, ১০টি লিফলেট, ১টি ৭.৬৫ মি.মি. পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন, ৩ রাউন্ড ৭.৬৫ মি.মি. কার্তুজ ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাবের উপপরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নজরুল জানায়, সে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থেকে সংগঠনের সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ দান, চাঁদা সংগ্রহ, অস্ত্র সংগ্রহ ইত্যাদি কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

আটক নজরুলের দেওয়া তথ্য ও তার নিকট হতে প্রাপ্ত আগ্নেয়াস্ত্র, জঙ্গিবাদী বই, লিফলেট ও অন্যান্য প্রমাণাদি পর্যালোচনায় দেখা যায় যে, সে নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের সক্রিয় সদস্য এবং রাষ্ট্র বিরোধী ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়ার জন্য অজ্ঞাতনামা ৪/৫ জন পলাতক আসামির সঙ্গে সশস্ত্র অবস্থায় গোপন বৈঠকে মিলিত হয়েছে। তারা রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় একাধিক নাশকতার পরিকল্পনা করেছিল।

র‍্যাব জানায়, গ্রেপ্তার নজরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত