ব্রেক্সিট প্রশ্নে যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে বেরিয়ে গেছেন দলটির সাত এমপি। পাশাপাশি দলের বর্তমান নেতৃত্বের প্রতি ইহুদি বিদ্বেষের অভিযোগ এনেছেন তারা।
বিবিসি জানায়, নেতা জেরেমি করবিনের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে দলত্যাগ করা এমপিরা হলেন চুকা উমুনা, লুইসিয়ানা বার্গার, ক্রিস লেসলি, অ্যাঞ্জেলা স্মিথ, মাইক গেইপস, গ্যাভিন শুকার এবং আন কফি।
লুইসিয়ানা বার্গার জানান, লেবার পার্টির মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে ইহুদি বিদ্বেষ গড়ে উঠেছে। এতে তিনি দলে থাকতে বিব্রত ও লজ্জাবোধ করছেন।
তিনি বলেন, পদত্যাগের এই সিদ্ধান্ত খুবই ‘কঠিন আর বেদনাদায়ক’ হলেও এই মুহূর্তে তা জরুরি হয়ে পড়েছিল।
চুকা উমুনা জানান, তারা লেবার পার্টিসহ অন্য দলগুলোর এমপিদেরও তাদের সঙ্গে যোগ দিতে বলেন। নতুন রাজনীতি সৃষ্টিতে একসঙ্গে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, “রাজনীতি এখন ভেঙ্গে গেছে। এভাবে আর হবে না। নতুন পরিবর্তন হওয়া দরকার।”
আর করবিনের দিকে ইংগিত করে ক্রিস লেসলি বলেন, “অতি বামরা লেবার পার্টিকে ছিনতাই করে ফেলেছে।”
এদিকে এমপিদের দলত্যাগে করবিন জানান, তাদের এমন সিদ্ধান্তে তিনি হতাশ। ২০১৭ সালের নির্বাচনে দলের যে পলিসি লাখ লাখ মানুষের মধ্যে অনুপ্রেরণা জাগিয়েছিল, তার ধারাবাহিকতায় কাজ করে যেতে তারা ব্যর্থ হলেন।
