মুন্সীগঞ্জের শ্রীনগরের একটি বহুতল ভবন থেকে সাবেক এক সেনা কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যিনি স্বামীর হাতে মারধরের শিকার হয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলা মোড় এলাকার আজাহার মোল্লার ছয়তলা ভবনের চারতলা ফ্ল্যাটে ফরিদা ইয়াসমিন ববি (২১) নামের ওই নারীর লাশ পাওয়া যায়। তার স্বামী সাবেক মেজর এস এম মিরাজউদ্দিন ঢাকা-খুলনা মহাসড়ক চার লেন করার একটি প্রকল্পের পরিচালক। তিনি পিরোজপুরের নজিরপুরের ইসমাইল হোসেন শেখের ছেলে।
শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী দেশ রূপান্তরকে বলেন, মিরাজের বাসার গৃহপরিচারিকা ঝিনুর চিৎকারে পাশের ফ্ল্যাটের লোকজন এসে কক্ষের ভেতর বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ববির মরদেহ দেখতে পায়। তাদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় তার স্বামী ও তিন বছরের একমাত্র সন্তান ফ্ল্যাটে ছিল না। মিরাজের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, তাদের কোনো খোঁজ নেই।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও ওই বাসার গৃহপরিচারিকা সাংবাদিকদের বলেন, সকালে মিরাজ তার স্ত্রীকে মারধর করেন। পরে সন্ধ্যার পর তিনি সন্তানকে নিয়ে বের হয়ে যান।
