স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, উপজেলা নির্বাচনে অংশ না নিয়ে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে বিএনপি। গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গত জানুয়ারিতে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। মার্চে শুরু হতে যাওয়া পাঁচ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কেউ অংশ নিলে সদস্যপদ বাতিল করে দেওয়ার হুমকিও দিয়েছে দলটি। মন্ত্রী বলেন, ‘উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না অথবা অন্যরা নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে কথা বলেছে, আমি মনে করি এটা বিএনপির নির্বুদ্ধিতার পরিচয়। আমি মনে করি যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে বিএনপি নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।’
বিএনপির উদ্দেশে তাজুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়া হচ্ছে। এ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সেখানে বিএনপির অবদান রাখার সুযোগ ছিল। আমরা বুঝি না বিএনপি যদি সত্যিকারে দেশপ্রেমিক এবং বাংলাদেশের উন্নতি চায়, তাহলে কেন তারা নির্বাচন থেকে সরে থাকবে?’
তিনি আরও বলেন, ‘বিএনপির দেশ, জাতি ও মানুষের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা থাকলে স্বাভাবিকভাবে এ সমস্ত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তাদের দলের দিক থেকে অংশগ্রহণ করাটা অত্যন্ত বাধ্যতামূলক হওয়া উচিত।’
এর আগে মন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদার, প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হক, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা প্রমুখ।
