মুন্সীগঞ্জের শ্রীনগরে সোমবার রাতে একটি বহুতল ভবনের চারতলা ফ্ল্যাট থেকে ফরিদা ইয়াসমিন ববি (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্রীনগর উপজেলা মোড় এলাকার আজাহার মোল্লার ছয়তলা ভবনের চারতলা ফ্ল্যাটের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে শ্রীনগর থানা-পুলিশ।
গৃহবধূ ববি ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এসএম মিরাজউদ্দিনের স্ত্রী।
শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চারতলা ফ্ল্যাটের একটি কক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। মৃতদেহ উদ্ধারের সময় তার স্বামী মিরাজউদ্দিনকে ফ্ল্যাটে পাওয়া যায়নি। তাদের ৩ বছরের এক সন্তান রয়েছে।
ওসি ইউনুচ আলী বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
