সৎমায়ের দেওয়া আগুনে ঝলসে গেল শিশু রিফাত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৭ পিএম

কুমিল্লায় রিফাত নামে ৮ বছরের এক শিশুর গায়ে আগুন দিয়েছে সৎ মা। বর্তমানে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রিফাত কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের চিতড্ডা গ্রামের আ. খালেকের ছেলে। তার শরীরে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৎ মা ও বাবাকে আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের মৃত্যুর পর থেকে পরিবারের সদস্যদের অবহেলা ও সৎ মায়ের নির্যাতন সহ্য করে আসছে রিফাত। তার বাবা খালেক মিয়া সদর দক্ষিণ উপজেলার বাগমারা এলাকায় হোটেলে কাজ করেন।

সে সুবাদে তিনি সদর দক্ষিণ উপজেলার বাগমারা এলাকার আনোয়ার মিয়ার বাড়িতে ভাড়া থেকে বাস করেন। কিছুটা দুষ্টু প্রকৃতির হওয়ায় রিফাতকে প্রায়ই মারধর করতেন তার সৎ মা।

সোমবার বিকেলে কোনো এক অপরাধে তিনি রিফাতকে ঘরের ভেতর রশি দিয়ে বেঁধে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে বিষয়টি স্থানীয়রা টের পেয়ে রিফাতকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

কুমিল্লা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের ইনচার্জ ডা. মির্জা মো. তৈয়াবুর রহমান বলেন, আগুনে শিশু রিফাতের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক দেখে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছি।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ বলেন, শিশুর গায়ে আগুন দেওয়ার অভিযোগে বাবা ও সৎ মা দু’জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে কি কারণে শিশুটির গায়ে আগুন দেওয়া হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত