বিদ্যালয়ের সভাপতিকে ‘গাধা’ ‘মূর্খ’ ‘স্টুপিড’ বললেন ইউএনও

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫৬ পিএম

যশোরের অভয়নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান অভয়নগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সবুর উদ্দিন মোল্লাকে ‘গাধা’, ‘মূর্খ’, ‘স্টুপিড’ বলেছেন।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে বালু ভরাট বিষয়ে পাওয়া অভিযোগের তদন্ত করতে গিয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতিকে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সবুর উদ্দিন মোল্লা অভিযোগ করেন, বিদ্যালয়ে উপস্থিত শতাধিক এলাকাবাসীর সামনে হঠাৎ ইউএনও উত্তেজিত হয়ে ওঠেন। তিনি আমাকে গালিগালাজ শুরু করে গাধা মূর্খ, স্টুপিড বলতে থাকেন। তিনি জানতে চান, কোন গাঁধারা আপনাকে সভাপতি বানিয়েছে। এ সময় তিনি পাশে দাঁড়িয়ে থাকা এক পুলিশ কর্মকর্তাকে বলেন, কাল থেকে মাঠ ভরাট না করলে এই স্টুপিড সভাপতিকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে আমার অফিসে নিয়ে যাবেন।

তিনি বলেন, বিনা মূল্যের বালু দিয়ে নিচু মাঠ এবং পাশের গর্ত ভরাট করতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান বলেন, আমি সভাপতিকে কোনো গালিগালাজ করিনি। আমার মনে হয়েছে ম্যানেজিং কমিটির সদস্যরা মাঠে বালু ভরাট করে ব্যবসা করতে পারেন। তা ছাড়া, বিদ্যালয়ের মাঠটি খুব একটা নিচু নয়। বিদ্যালয় ভবন থেকে মাত্র ছয় ইঞ্চি নিচু। আর সড়ক পাকাকরণের জন্য গাছের কিছু শিকড় কাটা পড়বে। গাছের তেমন কোনো সমস্যা হবে না। এই কারণে আমি মাঠের বালু ভরাট বন্ধ করে দিয়েছি।

বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ের মাঠটি নিচু। পানি জমে থাকায় বর্ষা মৌসুমে মাঠে জাতীয় সংগীত পরিবেশন করা যায় না। ভৈরব নদের অভয়নগর পুরোনো খেয়াঘাট অংশে খনন করতে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিদ্যালয়ের মাঠ উঁচু ও পাশের গর্ত ভরাট করার জন্য বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা বিনা মূল্যে নদ খননের বালু দিয়ে বিদ্যালয়ের মাঠ ও পাশের গর্ত ভরাট করে দিতে সম্মত হয়। তাদের কথামতো সম্প্রতি এস্কেভেটর দিয়ে মাঠের চারপাশ উঁচু করে বাঁধা হয়।

এলাকার আবু বক্কার সরদার বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা মাঠে বালু ভরাট করে ব্যবসার পাঁয়তারা করছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন।

মঙ্গলবার বিষয়টি তদন্ত করতে ইউএনও বিদ্যালয়ে যান। তিনি বালু ভরাট বন্ধ করতে সভাপতিকে নির্দেশ দেন। আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনে পকেটের টাকা দিয়ে মাঠ সমান করে দিতে সভাপতিকে নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত