পাকিস্তান সফর শেষে ভারতে যাওয়ার কথা ছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। কিন্তু গত সোমবার রাতে পাকিস্তান সফর শেষে যুবরাজ রিয়াদ ফিরে যান বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর ও সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের কৌশলগত অবস্থান সম্পর্কে আরও ভালোভাবে উপলব্ধি করতে চায় রিয়াদ। ভারত-পাকিস্তান দুদেশের মধ্যে চলমান দ্বন্দ্বে ভারতের সংবেদনশীলতা মাথায় রেখে ভারতে যাওয়ার আগে পাকিস্তান থেকে সৌদি আরব ফিরে গেছেন মোহাম্মদ বিন সালমান।
আজ বুধবার ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে যুবরাজের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টার মধ্যে সৌদি প্রিন্স পাকিস্তান সফর করেন, একে বিপত্তি হিসেবে দেখছে না ভারত। কারণ, এই সফরের পরিকল্পনা পুলওয়ামার হামলার আগেই নেওয়া হয়। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে রিয়াদ কাজ করবে বলে জানিয়েছে সৌদি কর্র্তৃপক্ষ।
