ভারত হামলাচালালে ‘বদলা নেবে’ পাকিস্তান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৪ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, কাশ্মীরে আত্মঘাতী হামলার জেরে ভারত সামরিক ব্যবস্থা নিলে বদলা নেবে তার দেশ। গতকাল মঙ্গলবার টেলিভিশনে নেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার পুলওয়ামায় আত্মঘাতী হামলায় শুরু থেকেই পাকিস্তানকে হামলার ইন্ধনদাতা হিসেবে অভিযোগ করে আসছে ভারত। তবে পাকিস্তান সে অভিযোগ উড়িয়ে দিয়েছে। কাশ্মীরে ভারতের কোনো বাহিনীর ওপর স্মরণকালের সবচেয়ে প্রাণঘাতী হামলার কয়েক দিন পর এ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভাষণে হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগের বিষয়ে নথি সরবরাহ করতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। ইমরান বলেন, ‘কোনো প্রমাণ বা নথি ছাড়া পাকিস্তানকে দোষারোপ বন্ধ করা’ উচিত ভারতের। একমাত্র সংলাপেই কাশ্মীর সমস্যার সমাধান হতে পারে। ওই সময় তিনি বলেন, ‘পাকিস্তানের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে ভারতের যেকোনো হঠকারিতার বদলা নেওয়া হবে।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার দেশে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচ্চপর্যায়ের সফর থাকায় কাশ্মীর হামলা নিয়ে শুরুতে কথা বলেননি তিনি। গত বছর নির্বাচিত হওয়া ইমরান আরও  বলেন, হামলার তদন্তে দিল্লিকে সহযোগিতা করতে প্রস্তুত ইসলামাবাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত