দিনাজপুরের চিরিরবন্দরে মায়ের সঙ্গে অভিমান করে মিজানুর রহমান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মিজানুর রহমান চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও চিরিরবন্দর এলএসডি গোডাউন পাড়ার সাইকেল মিস্ত্রি ওয়াহেদুল ইসলামের একমাত্র পুত্র। প্রতিবেশীদের সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৯টায় মিজানুরের মা মিনারা বেগম স্কুলে যাওয়া ও পড়ালেখা না করার কারণে বকাঝকা করেন। মায়ের বকুনি সহ্য করতে না পেরে সবার অজান্তে নিজ শয়নকক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে জানান প্রতিবেশীরা। চিরিরবন্দর থানার ওসি মো. হারেসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ষষ্ঠ শ্রেণির ছাত্র মিজানুর রহমানের গলায় দড়ি দিয়ে আত্মহত্যার বিষয়টি পীড়াদায়ক। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।
×
