শহীদ মিনারে নিরাপত্তায় ৬ হাজার পুলিশ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২০ এএম

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। সেখানে নিয়োজিত থাকবে ৬ হাজার পুলিশ। আর পুরো নগরীতে থাকবে ১৬ হাজার। গতকাল মঙ্গলবার শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, শহীদ মিনার এলাকার প্রতিটি ইঞ্চি সিসিটিভির আওতায় থাকবে। এবার শহীদ মিনারকেন্দ্রিক নিরাপত্তায় কোনো হুমকি নেই। তিনি বলেন, রাজধানীর অন্য শহীদ মিনারগুলোতেও সুদৃঢ়, নিরবচ্ছিন্ন ও নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশ পথে থাকবে আর্চওয়ে। আগতদের প্রত্যেককে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। ডিবি, সোয়াট, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ক্রাইম সিন ভ্যান প্রস্তুত থাকবে। স্টিকার ছাড়া কোনো যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।

ট্রাফিক নির্দেশনা : আজ বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র অনুপ্রবেশ বন্ধে নীলক্ষেত, পলাশী, ফুলাররোড, বকশিবাজার, চানখারপুল, শহীদুল্লাহ হল, দোয়েল চত্বর, জিমনেসিয়াম, রোমানা চত্বর, হাইকোর্ট, টিএসসি, শাহবাগ ইন্টারসেকশনে রোড ব্লক দিয়ে গাড়ি ডাইভারশন ব্যবস্থা কার্যকরী করা হবে। গতকাল রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাস্তায় আলপনা অংকনের জন্য শহীদ মিনারের সামনের রাস্তা বন্ধ থাকবে। এ লক্ষ্যে শিববাড়ী, জগন্নাথ হল ও রোমানা চত্বর ক্রসিংগুলো থেকে ওই গাড়ি ডাইভারশন দেওয়া হবে। সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশী, জগন্নাথ হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন। আর গাড়ি নিয়ে যারা আসবেন তাদের পলাশী ক্রসিংয়ে গাড়ি থেকে নেমে হেঁটে আসতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত