মেডিকেলের ডাস্টবিনে ৩১ ভ্রূণ: তদন্ত কমিটির কার্যক্রম শুরু

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০৫ পিএম

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিনে ৩১টি মানব ভ্রূণ ফেলে দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি বুধবার থেকে তাদের কার্যক্রম শুরু করেছে।

অন্যদিকে, গাইনি ওয়ার্ডের নার্সিং ইনচার্জ জ্যোৎস্না আক্তারকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে বরিশালের নার্সবৃন্দ। এঘটনায় বরখাস্ত গাইনি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. খুরশীদ জাহানও নিজেকে নির্দোষ দাবি করেছেন।

উল্লেখ্য, ওই ঘটনায় মন্ত্রণালয়ের নির্দেশে গাইনি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. খুরশীদ জাহান এবং গাইনি ওয়ার্ডের নার্সিং ইনচার্জ জ্যোৎস্না আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অপরদিকে ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি বুধবার থেকে তাদের কার্যক্রম শুরু করেছে। নির্ধারিত ৩ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি পরিচালকের কাছে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডা. জহুরুল হক মানিক।

নার্সিং ইনচার্জ জ্যোৎস্না আক্তারকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে বুধবার সকাল ১১টায় হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন নার্সবৃন্দ। স্মারকলিপিতে বলা হয়, ফেলে দেওয়া মানব ভ্রূণগুলোর দায়িত্বে কখনই নার্সিং ইনচার্জ জ্যোৎস্না আক্তার ছিলেন না। গাইনি বিভাগের ল্যাবরেটরি থেকে ভ্রূণগুলো অপসারণের বিষয়টিও তিনি অবগত ছিলেন না। এ কারণে তাকে সাময়িক বরখাস্তের ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয় স্মারকলিপিতে।

এছাড়া, ডা. খুরশীদ জাহান নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি এই ঘটনার কিছুই জানেন না।

উল্লেখ্য, গত সোমবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে ৩১টি মানব ভ্রূণ উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে তোলপাড় হলে মন্ত্রণালয়ের নির্দেশে এই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত