রাজধানীতে র‌্যাবের গুলিতে ‘মাদক বিক্রেতা’ নিহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৭ পিএম

রাজধানীর শ্যামলীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মেহেদি হাসান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার ভোর ৬টার দিকে শ্যামলী সড়ক ও জনপথ অফিসের সামনে এ ঘটনা ঘটে। অভিযানে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে দাবি র‌্যাবের।
র‌্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি দেশ রূপান্তরকে বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদক ব্যবসায়ীদের একটি দল ঢাকায় আসছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে গাবতলী থেকে কল্যাণপুর পর্যন্ত টহল বসায় র‌্যাব। ভোর ৬টার দিকে মেহেদি হাসান ও তার চার সহযোগী কল্যাণপুরে নামে। তাদের গতি রোধ করলে রিভলবার বের করে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে।
তিনি জানান, এ সময় র‌্যাব পাল্টা গুলি চালালে মেহেদি গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। মেহেদির কাছ থেকে একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও তিন শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ‘নিহত মেহেদি একজন চিহ্নিত শীর্ষ মাদক বিক্রেতা। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, হাজারীবাগ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে।’

অভিযানে র‌্যাবের দুই সদস্য এএসআই মোতাহার ও করপরাল সাইফুল আহত হয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত