পঞ্চগড়ে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে পাঁচ উপজেলার মধ্যে দুই উপজেলায় চারজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের পর বোদা এবং সদর উপজেলায় আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও, অন্য তিন উপজেলা তেঁতুলিয়া, আটোয়ারী ও দেবীগঞ্জে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী ছাড়াও আরও কিছু প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
গত মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বোদা উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাহার আলী, বোদা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন এবং দেবীগঞ্জ উপজেলায় উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল গনি বসুনিয়া ও সাবেক সাধারণ সম্পাদক মোফাখখারুল আলম বাবু মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
পাঁচ উপজেলায় ২৪ প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে দুজনের মনোনয়ন বাতিল করা হয় এবং চারজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। বাকি ১৮ জন নির্বাচনে অংশ নিচ্ছেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, জেলার তেঁতুলিয়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু ছাড়াও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নবম সংসদের সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা আখতার হীরা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা মুক্তারুল হক মুকু এবং জাতীয় পার্টির নেতা হায়দার আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন।
আটোয়ারী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন।
দেবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক চিশতী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য পরিমল দে সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোখলেছুর রহমান শাহ, রবিউল আলম ও রেজাউল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। আগামী ১০ মার্চ প্রথম ধাপে পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
