অ্যাপ ও ওয়েব থেকে বর্ণমালা শিখবে শিশু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৫ এএম

আপনার বাসার সবচেয়ে ছোট্ট সদস্যকে নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন? কারণ মোবাইল, ট্যাব, স্মার্ট টিভি এসবই তার সারা দিনের সঙ্গী। কিছুতেই তাকে বইমুখী করা যাচ্ছে না। এসব নিয়ে দিন দিন আপনার চিন্তাও বাড়ছে। তবে এসব নিয়ে এখন চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনি চাইলেই ওর এই প্রিয় জিনিসগুলো দিয়েই ওকে বর্ণমালা শেখাতে পারবেন। সেই শেখাটাও ওর জন্য হবে আনন্দের।

হ্যাঁ, বই-খাতা আর ব্যাগের বদলে শিশুরা বর্ণমালা শিখবে ৭ ইঞ্চি থেকে ১০ ইঞ্চি আকারের ডিজিটাল স্লেটট কিংবা ট্যাবলেট কম্পিউটারে। আমাদের দেশেই এখন অনেক অ্যাপ আর সফটওয়্যার তৈরি হয়েছে, যা দিয়ে সহজেই শিশুরা ডিজিটাল মাধ্যমে বাংলা বর্ণমালা শিখতে পারবে। তেমন কিছু অ্যাপ ও সফটওয়্যারের সন্ধান থাকছে এই লেখায়।

ডিজিটাল হাতেখড়ি : শিশুদের বাংলা বর্ণমালা শেখার মোবাইল অ্যাপ ‘হাতেখড়ি’। এ অ্যাপটি তৈরি করেছে সূর্যমুখী লিমিটেড। এটি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। ‘হাতেখড়ি’ অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে শিশুরা বর্ণমালা শেখা, বর্ণ দিয়ে শব্দ এবং বাক্য তৈরি, এমনকি হাতের লেখাও অনুশীলন করতে পারে অনায়াসে। গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এতে হাতে আঁকা স্কেচ আর অ্যানিমেশন শিশুদের সহজেই আকৃষ্ট করতে পারে। বিশেষত গেমের মাধ্যমে অনুশীলনকে আকর্ষণীয় করে তোলায় তিন বছরের শিশুরাও এটির মাধ্যমে দিব্যি লেখাপড়ায় হাতেখড়ি নিতে পারছে। অ্যাপটি নিয়ে সূর্যমুখী লিমিটেডের প্রধান নির্বাহী ফিদা হক বলেন, শিশুরা যাতে শুদ্ধভাবে বাংলা শিখতে পারে ও বলতে পারে, সেই চেষ্টা করেছি আমরা। ট্যাবের স্পর্শ পর্দা ব্যবহার করে শিশুরা যেন চক বা পেনসিল ছাড়াই আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বর্ণমালা লিখতে ও শিখতে পারে, সে জন্য আমাদের অ্যাপটি শুরু থেকেই সচেষ্ট রয়েছে।

ওয়েবে শিশুশিক্ষা : সাধারণত চার থেকে ছয় বছর বয়সের শিশুদের জন্য অডিও, ভিডিও, অ্যানিমেশন ও নানা তথ্য-উপাত্তের সমন্বয়ে তৈরি করা হয়েছে বিজয় শিশুশিক্ষা ওয়েবসাইটটি। এটি প্রাক-বিদ্যালয়ের শিশুদের জন্য তৈরি করা হয়েছে। যাতে তারা বিনোদনের মাধ্যমে লেখাপড়া করতে পারে। এই ওয়েবসাইটের বর্ণমালা বিভাগে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও ইংরেজি বর্ণমালা শিখতে পারবে শিশুরা। সংখ্যা বিভাগে ১ থেকে ১০ পর্যন্ত শেখা যাবে। শুধু অক্ষর বা সংখ্যা চেনা তা নয়, কীভাবে লিখতে হবে সেটিও দেওয়া আছে লিখতে শিখি বিভাগে। ছড়া ও গল্প বিভাগে অ্যানিমেশনের সঙ্গে শিশুদের উপযোগী বাংলা, ইংরেজি ছড়া ও গল্প আছে। শিশুরা শুধু লেখাপড়া শিখবে তা তো নয়, রং করি বিভাগে ওরা জাম, ডাব, কলা, পেঁপেসহ সব ফল মনের মাধুরী মিশিয়ে রং করতে পারবে। মিল করো, কাটাকাটি খেলা, ঘড়ি চলে টিকটিক ও ছবি বানাই খেলার ব্যবস্থা আছে এখানে। শিশুদের জন্য অডিও-ভিডিও, অ্যানিমেশন ও টেক্সট সমন্বয়ে তৈরি শিশুশিক্ষা এই ওয়েবটির ঠিকানা http://bijo–digital.com|। একইভাবে বাংলা ভাষায় অনলাইনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠের পাশাপাশি প্রোগ্রামিং শেখাচ্ছে শিক্ষক ডটকম [www.shikkhok.com]।

খেলার ছলে শেখা : খেলতে খেলতে প্রাক-বিদ্যালয় পর্বের শিশুরা যেন সহজেই বাংলা বর্ণমালা এবং সংখ্যা লেখা ও উচ্চারণ শিখে নিতে পারে, সে জন্য গুগল প্লেতে রয়েছে দারুণ একটি অ্যাপ। এই অ্যাপে চক ও প্লেটের নিখুঁত শব্দ ব্যবহার করা হয়েছে, যা এটিকে করেছে আরও আকর্ষণীয়। এর মাধ্যমে খুব সহজেই লেখা ও পড়ার ফাংশনগুলো ব্যবহার করা যায় এবং বাংলা বর্ণ ও সংখ্যা সহজেই রপ্ত করে নেওয়া যায়। এতে উচ্চারণের পাশাপাশি সংশ্লিষ্ট ছবি ভেসে ওঠে, যা শিশুদের জন্য দারুণ আকর্ষণীয়। ফলে শিশুরা বাংলা বর্ণমালা শেখার পাশাপাশি উচ্চারণ শিখে নিতে পারছে, যা শিশুদের বুদ্ধি বিকাশে বেশ সহায়ক। গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেসের তৈরি এই অ্যাপটি শিশুদের বাংলা ভাষা রপ্ত করে নিতে কেবল সহায়কই নয়, আনন্দেরও বটে। এটি বাচ্চাদের স্কুলে ভর্তি হওয়ার আগেই ভাষাজ্ঞান প্রদান করছে। ডাউনলোডের ঠিকানা www.grameen-intel.com/products/gslate-bengali-নবহমধষর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত