কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে এক লাখ পিস ইয়াবাসহ ১১জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সেন্টমার্টিন দক্ষিন-পূর্বের বঙ্গোপসাগর থেকে একটি ফিশিং বোট তল্লাশি করে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু উপজেলার মংনিপাড়ার গ্রামের বাসিন্দা মাঝি মোহাম্মদ নবী (২০), কবির আহমেদ (৩৫), আমানুল্লাহ (১৮), তারেক উল্লাহ (১৪), কামাল উদ্দিন (২০), মোহাম্মদ ছাবের (১৮), মোহাম্মদ রিয়াজ (১৪), মোহাম্মদ শাকের (১৬), মোহাম্মদ ফয়সাল (১৬), মোহাম্মদ রহমত উল্লাহ (১৯) ও মোহাম্মদ রিয়াজ (১৮)।
বাংলাদেশ কোস্টগার্ডের চট্টগ্রাম পূর্বজোনের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল শুভাশীষ দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন- মিয়ানমার থেকে সমদ্রপথে ইয়াবার চালান নিয়ে একটি মাছ ধরার ট্রলার বাংলাদেশে ঢুকছে। এই খবরে কোস্ট গার্ড সদস্যদের একটি দল সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করেন।
এ সময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেন তারা। ট্রলারটি থেকে মিয়ানমারের ১১ নাগরিককে আটক করা হয়েছে।
টেকনাফ কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবার চালানটি কার কাছে নেওয়া হচ্ছিল- সেটি জানতে আটক ১১ জনকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
