শরীয়তপুরে এক ইতালি প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব-৮।
শুক্রবার ভোর ৬টার দিকে নড়িয়া উপজেলার পাঁচগাও গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মো. সেলিম হাওলাদার (২৫) উপজেলার কেদারপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মৃত মতিউর রহমান হাওলাদারের ছেলে।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. সেলিম হাওলাদার নড়িয়া উপজেলার চন্ডিপুর এলাকার এক প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে। অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য কৌশলে মোবাইলে ধারণ করে।
পরে আপত্তিকর দৃশ্য অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই প্রবাসীর স্ত্রীর কাছ থেকে কয়েক দফায় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন সেলিম। এক সপ্তাহ আগে আপত্তিকর ভিডিওর মেমোরি কার্ড ওই প্রবাসীর স্ত্রীর পরিবারকে দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ ঘটনায় প্রবাসী স্ত্রীর পরিবার আইনি সহায়তা চেয়ে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের নিকট লিখিত অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে র্যাবের একটি দল নড়িয়া উপজেলার পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে ওই সেলিমকে আটক করে।
র্যাব-৮ (সিপিসি-৩) মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গৃহবধূর স্বামী প্রবাসে থাকার সুযোগে আটক বখাটে সেলিম আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি করে। এ ঘটনায় ওই গৃহবধূ পরিবার আইনি সহায়তা চায়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি জানান, সেলিমকে আটকের পর তার নিকট হতে আপত্তিকর ভিডিও ও ছবি সংবলিত মোবাইল ও মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করেন সেলিম।
আটক সেলিমকে নড়িয়া থানায় হস্তান্তর করা হবে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
