বিদেশি মানবিক সহায়তা নিয়ে দ্বন্দ্বের মধ্যে ব্রাজিল সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তিনি এ নির্দেশ দেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
টেলিভিশনে দেওয়া ভাষণে বামপন্থি এ নেতা কলম্বিয়ার সঙ্গে থাকা সীমান্ত বন্ধের চিন্তার কথাও জানিয়েছেন। এর মধ্য দিয়ে বিরোধীদের ত্রাণ সংগ্রহের চেষ্টা রুখে দিতে চান মাদুরো। তার মতে, ভেনেজুয়েলায় কোনো সংকট নেই। সহায়তা পাঠানোর পরিকল্পনার যুক্তরাষ্ট্রের মঞ্চস্থ নাটক।
মাদুরোর এ ঘোষণার মধ্যেই ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা হুয়ান গুইদো রাজধানী কারাকাস থেকে ত্রাণের বহর নিয়ে কলম্বিয়া সীমান্তের দিকে রওনা হন। শুক্রবার সীমান্তের কলম্বিয়া অংশে ভেনেজুয়েলার জন্য অর্থ সংগ্রহ করতে একটি কনসার্ট হওয়ার কথা ছিল। অন্যদিকে মাত্র ৩০০ মিটার দূরে অন্য একটি অনুষ্ঠান ছিল মাদুরো নেতৃত্বাধীন সরকারের।
গত মাসে ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভের সময় নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন বিরোধী নিয়ন্ত্রিত জাতীয় আইনসভার প্রধান গুইদো। এর পরপরই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকার কয়েকটি দেশসহ বিভিন্ন পক্ষ। প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে গুইদো ও তার মিত্ররা প্রতিবেশী ব্রাজিল ও কলম্বিয়ায় মজুদ থাকা খাদ্য ও ওষুধ সংগ্রহের আশা করছেন।
গত বৃহস্পতিবার রাতে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ও অন্য সামরিক কমান্ডার বেষ্টিত মাদুরো বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্রাজিলের সঙ্গে থাকা সীমান্ত ‘সম্পূর্ণ’ বন্ধ থাকবে। এ সীমান্তটি সাধারণত রাতে বন্ধ থাকে ও সকাল ৮টায় চালু হয়।
প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর নেতৃত্বাধীন ব্রাজিলের ডানপন্থি সরকার গুইদোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত মঙ্গলবার ব্রাজিল সরকারের এক ঘোষণায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ভেনেজুয়েলার সীমান্তবর্তী প্যাকারাইমা এলাকায় খাদ্য ও ওষুধ রাখা আছে। এতে আরও বলা হয়, ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হুয়ান গুইদোর সরকার ভেনেজুয়েলার ট্রাকে ভেনেজুয়েলার নাগরিকদের জন্য’ খাবার ও ওষুধ সংগ্রহ করবে।
এদিকে ভেনেজুয়েলার জনগণের জন্য অর্থ সংগ্রহে সীমান্তের কলম্বিয়া অংশে কুকুতা এলাকার তিয়েনদিতাস সেতু ক্রসিংয়ে বিশাল কনসার্টের আয়োজন করেছেন ব্রিটিশ উদ্যোক্তা স্যার রিচার্ড ব্র্যানসন। তিনি জানান, ভেনেজুয়েলার বিরোধী নেতা গুইদো ও লিওপোলদো লোপেজের অনুরোধে ‘ভেনেজুয়েলা এইড লাইভ’ নামের এ কনসার্টের আয়োজন করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, কনসার্টে প্রায় আড়াই লাখ লোক অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। এতে ভেনেজুয়েলার নাগরিকদের জন্য খাদ্য ও ওষুধ কিনতে ১০ কোটি ডলার উত্তোলনের আশা করছেন আয়োজকরা।
ভেনেজুয়েলার সেনাবাহিনী এখন পর্যন্ত কলম্বিয়া সীমান্ত দিয়ে আসা যুক্তরাষ্ট্রের ত্রাণের চালান আটকে দিতে সক্ষম হয়েছে। এ সীমান্ত বন্ধের বিষয়ে মাদুরো বলেন, ‘আমি এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চাই না। তবে কলম্বিয়া সীমান্ত একেবারে বন্ধের বিষয়টি বিবেচনায় রেখেছি।’
