বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বসেছিল টেলিভিশন নাট্যশিল্পীদের এক মিলনমেলা। রূপায়ণ গ্রুপের স্পন্সরে গতকাল শুক্রবার সেখানে অনুষ্ঠিত হয় বাংলাদেশের টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র বার্ষিক সাধারণ সভা।
সভা উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিকেলে হয় শিল্পীদের আনন্দ সম্মিলন। সাধারণ সভায় নিজেদের কাজের বিবরণ তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। এ সময় উপস্থিত ছিলেন দেশের নবীন-প্রবীণ অভিনয় শিল্পীরা। অতিথি ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও রূপায়ণ গ্রুপের পরিচালক (সেলস) এহসানুর রহমান। তথ্যমন্ত্রী বলেন, ‘কলেজে পড়ার সময় থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছিলাম। চট্টগ্রামে তীর্যক নাট্যদলের সদস্যও ছিলাম। তবে কখনো নাটকের বড় কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পাইনি।’
মার্চে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন হয়। এতে শহিদুল আলম সাচ্চু সভাপতি ও আহসান হাবিব নাসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। চলতি মাসে এ কমিটির মেয়াদ শেষ হবে।
