নানা আয়োজনে পালিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস। গতকাল শুক্রবার সকাল ৯টায় ক্যাম্পাসে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমামুল হক। পরে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য রাম চন্দ্র দাস, বরিশাল অঞ্চলের ডিজিএফআই প্রধান কর্নেল জি এম শরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান প্রমুখ।
২০১১ সালের ২২ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই থেকে এ দিনটি বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন হয়ে আসছে।
