ঢাকার ধামরাইয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানার ভেতর থেকে এক রোমানীয় নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে ধামরাইয়ের বারবাড়িয়ার কৃষ্ণপুরা এলাকায় অবস্থিত আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানার ভেতরের গেস্ট হাউসের একটি কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের নাম নিকোলা মিনিয়া (৬০)। সে রোমানিয়ার নাগরিক। নিকোলা মিনিয়া ওই প্রতিষ্ঠানের গেস্ট হাউসে থেকে জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে আমদানি করা মেশিনারি দেখভাল করতেন বলে জানিয়েছে পুলিশ।
থানা-পুলিশ জানায়, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কারখানার ভেতরের গেস্ট হাউসের একটি কক্ষে থাকতেন রোমানিয়ার ওই নাগরিক । প্রতিদিনের মতো শুক্রবার রাতে সে ঘুমাতে গিয়ে শনিবার সকালে কারখানায় না আসলে নিরাপত্তাকর্মীরা তাকে ডাকতে যায়। এ সময় তারা কক্ষের ভেতরে বিছানার উপড়ে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তবে এই ঘটনার সংবাদ সংগ্রহের জন্য কারখানার ভেতরে প্রবেশ করতে চাইলে কারখানা কর্তৃপক্ষ সংবাদকর্মীদের কারখানার ভেতরে ঢুকতে দেয়নি।
কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা বলেন, রোমানীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি তাদের দূতাবাসে জানানো হয়েছে। তিনি কোনো প্রকার অসুস্থ ছিলেন না, তাহলে কীভাবে তার মৃত্যু হলো বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটের কর্মকর্তারা আসছে। পুলিশ এবং দূতাবাসের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
