মাদক ব্যবসায়ীদের হামলায় ৫ পুলিশ আহত, আটক ৬

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৯ পিএম

সাভারে মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে দলবদ্ধ হামলার শিকার হয়ে আহত হয়েছে পাঁচ পুলিশ সদস্য। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধারসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শুক্রবার রাতে সাভারের আউকপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের ধরতে গেলে সঙ্গবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর এ হামলা চালায়।

এ সময় তাদের কাছ থেকে পাঁচ শ পুরিয়া হেরোইন, দু শ পঞ্চান্ন পিস ইয়াবা এবং দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন- ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক শহীদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক ফয়সাল, কনস্টেবল লিমা খাতুন ও শওকত মামুন। তাদের উদ্ধার করে রাতেই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সাভারের আউকপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী নূর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সেখানে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী নুর হোসেনকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় ওই মাদক ব্যবসায়ীর দলের অন্যান্য সদস্যরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে আটককৃত নূর হোসেনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় আটক করা হয়- নূর হোসেন, শাহ আলম, রোকেয়া, আনোয়ারা, সালমা ও হোসনে আরাকে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রাতেই আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত