খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ওয়েস্টসেফ-২০১৯ ‘সিক্সথ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট অ্যান্ড ফিক্যাল সøাজ ম্যানেজমেন্ট ইন সাউথ-এশিয়ান কানট্রিস’ শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় বক্তারা বলেন, ‘মানব বর্জ্যকে সম্পদে পরিণত করা যদি সম্ভব হয়, তাহলে এটি কোনো বোঝা হবে না বরং তা আমাদের উপকার করবে। ওয়েস্ট অ্যান্ড ফিক্যাল সøাজ ম্যানেজমেন্ট বিষয়টি একটি শহরের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে চিফ প্যাট্রোন হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকটিং ভাইস-চ্যান্সেলর ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী হামিদুল বারী। সহযোগী আয়োজক হিসেবে বক্তৃতা করেন জার্মানির বা’হস ইউনিভার্সিটি ওয়েমার-এর প্রফেসর ইকার্ড ক্রাফট, স্ট্র্যাটেজিক পার্টনারস হিসেবে বক্তৃতা করেন প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ-এর মেহেরাব উল গণি, ওয়াটারএইড বাংলাদেশ-এর ড. মো. লিয়াকত আলী, থিম পেপার প্রেজেন্টেশন করেন ইটালির ইউনিভার্সিটি অব প্যাডোভা-এর প্রফেসর রাফায়েলো কসু। এ সময় বিশেষ অতিথি এসএনভি বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর জেসন মিটকেল বিলাংগারের লিখিত বক্তৃব্য পাঠ করা হয়।
দুদিনব্যাপী সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষে অনুষ্ঠিত হবে ১২টি প্যারালাল টেকনিক্যাল সেশন ও তিনটি কি-নোট সেশন। সম্মেলনে মোট তিনটি কি-নোট পেপার, একটি থিম পেপার ও ৭৭টি কারিগরি পেপার উপস্থাপিত হবে এবং সেরা তিনটি পেপারকে প্রফেসর ড. মোহাম্মদ হারুনুর রশীদ বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হবে। দুদিনব্যাপী ওয়েস্টসেফ-২০১৯ আন্তর্জাতিক সম্মেলনে জার্মানি, ইটালি, নেপাল, ভারত ও জিম্বাবুয়ের ৪৫ জনসহ ২০০ জন খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী ও নীতিনির্ধারকরা অংশ নিয়েছেন। সম্মেলনে প্রফেসর রাফায়েলো কসু-কে ওয়েস্টসেফ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
