১০০ শব্দের গল্প সংকলনের দ্বিতীয় খণ্ড মেলায়

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:১৮ পিএম

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নবীন-প্রবীণ কবি, গদ্যকারের ১০০ শব্দের ১০০টি গল্প নিয়ে বইমেলায় এসেছে ‘শত কথার শত গল্প’ সংকলনের দ্বিতীয় খণ্ড। সম্পাদনা করেছেন আবু সাঈদ। প্রকাশ হয়েছে মুক্ত আসর স্বপ্ন৭১-এর উদ্যোগে।

এ আয়োজনে প্রাথমিক পর্যায়ে সাড়ে চারশ’র মতো লেখা জমা পড়ে। সেখান থেকে নির্বাচিত ৭৮ গল্প ও প্রতিষ্ঠিত লেখকের ২২টি- মোট ১০০টি গল্প নিয়ে এই সংকলন প্রকাশ হয়েছে।

২০১৮ সালে প্রকাশ হয় সংকলনের প্রথম খণ্ড। সম্পাদকের মতে, এটি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশিত ১০০ শব্দের গল্পের সংকলন।

‘শত কথার শত গল্প’-এর দ্বিতীয় খণ্ডের উল্লেখ্যযোগ্য লেখকরা হলেন বাংলাদেশের কথাসাহিত্যিক ও শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম, কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, শিশুসাহিত্যিক আখতার হুসেন, শরিফুল ইসলাম ভূঁইয়া, সাংবাদিক ও লেখক শিবব্রত বর্মণ, কবি ও গবেষক অঞ্জন আচার্য, কবি পিয়াস মজিদ, কবি শামীম আজাদ এবং অর্থনীতিবিদ সেলিম জাহানসহ অনেকেই।

আছেন পশ্চিমবঙ্গের গল্পকার, কবি স্বদেশ রায়, গবেষক ও লেখক সঞ্জিত দত্ত, কবি তৈমুর খান, মাটিখড়ির সম্পাদক কাজল সেন ও সাংবাদিক পলাশ পাত্র।

বইটি সম্পর্কে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, “শত কথার শত গল্প’ বইয়ের ১০০ শব্দে রচিত ১০০টি গল্পের এই সংকলন প্রকাশ নিঃসন্দেহে একটি ভিন্নধর্মী উদ্যোগ। সৃজনশীলতা চর্চার এই ধারা একটি মাত্রা যোগ করছে। নবীন-প্রবীণের এই যোগে সাহিত্যের পরিসর বিস্তৃত হবে।”

‘শত কথার শত গল্প’-এর সম্পাদক আবু সাঈদ বলেন, “শত কথার শত গল্প’ প্রথম খণ্ড প্রকাশের পর এতটা সাড়া পাওয়া যাবে, তা আমাদের কাছে অবিশ্বাস্য ছিল। যে বিষয়টা অসম্ভব বলে শুরুর দিকে কথা উঠলেও প্রকাশের পর তা সম্ভব বলে বিশ্বাস্য করাটাই আমাদের সার্থকতা। ছোট ছোট জীবনের গল্পগুলো ১০০ শব্দে প্রকাশ করা সত্যিকার অর্থে বেশ কঠিন। এই কঠিন কাজটি আপনারা করেছেন এ জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী নিয়াজ চৌধুরী তুলি। বইমেলায় লিটল ম্যাগ চত্বরে স্বপ্ন৭১-এর ৩৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। প্রকাশে সহযোগিতা করেছেন বিজিএমইএ ও সিটি ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত