ক্ষুধার তাড়নায় ঢাকায়, তারপর নির্মম নির্যাতনের শিকার শিশুটি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪১ পিএম

শিশুটির নাম হেনা। বয়স ৮-৯ বছর। বাবার নাম সালাম। বাড়ি হবিগঞ্জ।

কয়েক দিন আগে হেনা ক্ষুধা পেলে কিশোরগঞ্জের একটি রেলস্টেশনে থেকে খাবার খুঁজতে ট্রেনে ওঠে। ট্রেনটি ছেড়ে দিলে সে সরাসরি ঢাকার কমলাপুরে চলে আসে। এরপর ট্রেন থেকে নেমে সে কমলাপুর ও আশপাশের এলাকায় ঘুরতে থাকে।

পরে তাকে দেখতে পেয়ে ওই এলাকার এক নারী বাসায় নিয়ে যায়। তিন-চার দিন ওই বাসায় কাজ করে সে। ঠিকমতো কাজ করতে না পারায় ওই নারী, তার মেয়ে এবং ছেলে মিলে তাকে মারধর করে। পরে সে একাই ওই বাসা থেকে বেরিয়ে আসে।

রাজধানীর কমলাপুর টিটিপাড়ার রাস্তা থেকে নির্মম নির্যাতনের শিকার হেনাকে উদ্ধারের পর তার বরাত দিয়ে এসব জানায় পুলিশ।

তাকে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

শাহজাহানপুর এলাকার কোনো একটি বাসাতেই সে নির্যাতনের শিকার হয়েছে বলে পুলিশ জানায়।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনতাজ আলি জানান, সকাল ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টিটিপাড়ার রাস্তায় অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা এই শিশুটিকে উদ্ধার করা হয়। তার চোখে, মুখে ও শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তাকে যখন পাওয়া যায় তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। এখন তাকে ওসিসি'তে ভর্তি করানো হয়েছে। সে কিছুটা সুস্থ হলে তার কাছ থেকে বিস্তারিত জানা যাবে।

তিনি জানান, তবে সে যে বাসায় নির্যাতনের শিকার তার ঠিকানা সে বলতে পারছে না। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান  তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত