আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বর্তমান সরকার মামলাজট কমানোকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য সরকার বিচারকের সংখ্যা বাড়ানোসহ বেশকিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে বলেও সংসদকে জানান তিনি।
গতকাল সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী। তিনি আরও বলেন, বর্তমানে দেশের উচ্চ আদালত ও অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখ ৬৯ হাজার ৭৫০টি। এর মধ্যে ফৌজদারি মামলা ২০ লাখ ৪৮ হাজার ৬৭টি।
ফৌজদারি মামলার দীর্ঘসূত্রতা কমাতে বিচারকের সংখ্যা বৃদ্ধি ও এজলাস সংকট নিরসনে বেশকিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও সংসদকে জানান আইনমন্ত্রী।
