আশুলিয়ায় নারীর হাত, পা ও মস্তকবিহীন লাশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৩ পিএম

সাভারের আশুলিয়ায় একটি নির্জন সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর হাত, পা ও মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকার কাঠগড়া-জামগড়া শাখা সড়কের নির্জন জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রিজাউল হক দিপু জানান, মঙ্গলবার দুপুরে কাঠগড়া-জামগড়া শাখা সড়কের পাশে বস্তা থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে হাত, পা ও মস্তকবিহীন অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা ওই নারীকে অন্যত্র হত্যার পর বস্তাবন্দী করে গভীর রাতে নির্জন এই স্থানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত