যশোরের চৌগাছায় পরীক্ষা ভালো না হওয়ায় ইয়াছিন আলী নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৫২৯০৮৯।
ইয়াছিন আলী পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বলিভাদ্রপুর গ্রামের নূরুজ্জামানের ছেলে। সে চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে নানা সিরাজুল ইসলামের বাড়িতে থেকে লেখাপড়া করতো।
নিহতের মামা জাহিদ হাসান বলেন, সোমবার হিসাব বিজ্ঞান পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে ইয়াছিন। পরে গভীর রাতে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যার আগে পড়ার টেবিলে এক টুকরো কাগজে লিখে রেখে যায়- ‘আমি চলে যাচ্ছি, কারণ আমার পরীক্ষা ভালো হয়নি, বাই’।
তার কাছে কে কত টাকা পাবে তার একটি তালিকাও ‘সুইসাইড নোটে’ লিখে রেখে গেছে ইয়াছিন।
মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
চৌগাছা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
