যশোরের মণিরামপুরে গতকাল মঙ্গলবার নৌকা ডুবে এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মৌসুমী আক্তার (১৬) উপজেলার পারখাজুরার আবদুর রশিদের মেয়ে। সে পারখাজুরা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর পরীক্ষা দিচ্ছিল। স্থানীয় মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন জানান, মঙ্গলবার ছিল বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা। পারখাজুরা দাখিল মাদ্রাসার পরীক্ষার কেন্দ্র রাজগঞ্জ মডেল মাদ্রাসায়। সকাল ৯টার দিকে ১৮ পরীক্ষার্থী নৌকায় করে পারখাজুরা বাঁওড় পার হয়ে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। বাঁওড়ের মাঝামাঝি এসে স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় বিভিন্নভাবে অন্যদের উদ্ধার করা সম্ভব হলেও মৌসুমী আক্তার ডুবে যায়। বাঁওড়ের জেলেরা জাল ফেলে তার সন্ধান না পেলে খুলনা থেকে ডুবুরি দল এসে দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরীফি, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল খালেক, স্থানীয় ফায়ার সার্ভিসকর্মীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, দুর্ঘটনার কবলে পড়া অন্য পরীক্ষার্থীরা কমবেশি অসুস্থ হলেও তাদের পরীক্ষায় অংশগ্রহণ করানো সম্ভব হয়েছে।
