ভাঙনরোধে পটুয়াখালীতে মানববন্ধন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৬ পিএম

প্রমত্তা তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভাঙনকবলিত ইউনিয়নবাসী। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ইউনিয়নের নিমদী থেকে ধানদী গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এ মানববন্ধনে অংশগ্রহণ করেন ভাঙনকবলিত এ ইউনিয়নের প্রায় দুই সহস্রাধিক মানুষ। তেঁতুলিয়া নদীপাড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন নাজিরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও বাউফল প্রেস ক্লাবের আহ্বায়ক হারুন অর রশিদ, নদীভাঙন রোধ কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন প্রমুখ। বক্তরা দ্রুত নদীভাঙন থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে নাজিরপুর ইউনিয়নের পাঁচটি গ্রাম তেঁতুলিয়া নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে। এরই মধ্যে প্রায় এক হাজারেরও বেশি পরিবার তাদের সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত