দিনাজপুরে মেলায় আগুনে পুড়ল ৩০ দোকান

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৭ পিএম

দিনাজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলায় গত সোমবার দিনগত রাত ১টার দিকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩০টি দোকান। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকান মালিকদের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন মেলা কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সোহাগ।

আগুনের সূত্রপাত সম্পর্কে দিনাজপুর ফায়ার সার্ভিস জানিয়েছেন, ‘মূলত কয়েলের আগুন থেকে খড়ে আগুন লাগে। এরপর খড় থেকে দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের তীব্রতা বেড়ে যায়। ফলে বাকি দোকানগুলোতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

মেলায় বেশির ভাগ কসমেটিকসের দোকান পুড়ে গেছে বলে জানান একাধিক দোকান মালিক। এ ছাড়াও জুতার দোকান ও হোটেলের মালামাল ভস্মীভূত হয়েছে।

মেলা কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সোহাগ দেশ রূপান্তরকে বলেন, ‘মেলায় ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। আমরা প্রাথমিকভাবে পুড়ে যাওয়া দোকানদারদের ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করেছি। এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত