সন্তানকে বাঁচাতে লঞ্চ থেকে মায়ের লাফ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৯ পিএম

কোল থেকে পড়ে যাওয়া সন্তানকে উদ্ধারে নদীতে ঝাঁপ দিয়ে গত সোমবার নিখোঁজ হন কহিনূর রহমান ইভা (৩০)। মুন্সীগঞ্জ সদরের চর আব্দুল্লাহ কুজিয়ারচর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে গতকাল মঙ্গলবার বিকেলে ইভার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এ সংবাদ লেখা পর্যন্ত তার সন্তান মোহাম্মদের (৩ মাস) খোঁজ পাওয়া যায়নি।

ইভা মুন্সীগঞ্জ শহরের শিলমন্দি এলাকার জিয়াউর রহমানের স্ত্রী। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার মোহাম্মদপুরে ভাড়া থাকেন। বিকেল সাড়ে ৫টার দিকে ইভার মরদেহ শহরের শিলমন্দি এলাকার বাড়িতে আনা হয়। এ সময় স্বজনদের কান্না আর আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

ইভার মামা মো. শহীদ মিয়া জানান, সন্তান নিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসা থেকে গত সোমবার দুপুর দেড়টার দিকে বের হন ইভা। এরপর সদরঘাট থেকে লঞ্চে চড়ে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা দেয়। চাঁদপুরগামী লঞ্চটি মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাটে নোঙর করেনি। চর আব্দুল্লাহ নৌফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, লঞ্চটি চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকার মেঘনা নদীতে পৌঁছলে মায়ের কোল থেকে তিন মাসের সন্তান মোহাম্মদ নদীতে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে মা ইভা নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে মা-সন্তান নিখোঁজ ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত