চশমার ফ্রেম এখনকার দিনে ফ্যাশনেরও অংশ হয়ে গেছে। শিশু, তরুণ, বৃদ্ধ, সব বয়সীর জন্যই রয়েছে আলাদা সব ডিজাইন, নানা রং আর ভিন্ন সব আকার-আকৃতি। তরুণরা সাধারণত বর্ণিল চশমা বেশি পছন্দ করে। নীল, মেরুন, কমলা, গোলাপি, বেগুনি, কালো, সাদা ইত্যাদি রঙের ফ্রেমগুলো তরুণদের পছন্দের শীর্ষে। শুধু রং নয়, নকশায়ও আছে বৈচিত্র্যের ছাপ। কিছু ফ্রেম আছে যাতে স্টোনের কারুকার্য আছে নানা শেড ও প্রিন্ট। মুখের আকৃতি অনুযায়ী সুন্দর একটা চশমার ফ্রেম সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। যেমন : চারকোনা মুখে লম্বাটে ফ্রেম ভালো মানায়। ডিম্বাকার মুখে মানাবে সব ধরনের ফ্রেমই আর লম্বাটে আকৃতির চেহারায় মানাবে আয়তাকার ও ওভালো ফ্রেম। রাজধানীর ফুটপাত থেকে শুরু করে বড় শপিং মল সব, জায়গাতেই মিলবে চশমার ফ্রেম, গ্লাস, রোদের চশমা, লেন্স ইত্যাদি। গুলশান-২-এর ফ্যাশন অপটিকসের ম্যানেজার রফিকুল ইসলাম জানান, ‘তরুণরা ফ্যাশনেবল চশমা বাছাইয়ে অধিক সতর্ক। অনেকেই এখন মনে করেন চশমার মাধ্যমে ব্যক্তিত্বকে তুলে ধরা যায়। মেয়েদের ফ্যাশনেবল চশমার ফ্রেমের দিকেই বেশি ঝোঁক।’
কোথায় পাবেন ও দরদাম
রাজধানীর পাটুয়াটুলী হলো চশমার ফ্রেমের পাইকারি মার্কেট। এ ছাড়াও গুলশান, বসুন্ধরা সিটি শপিং মল, ধানমন্ডির সাতমসজিদ রোড, এলিফ্যান্ট রোড, ফার্মগেট ইত্যাদি জায়গাতেও চশমার দোকান রয়েছে। চশমার জনপ্রিয় ব্র্যান্ড হলো ক্যাল্ভিন ক্লেইন, পোলিশ, গেজ, নাইকি, ওয়াকলে, জর্জিয় আরমানি, ইম্পোরিও আরমানি, যাই বান ইত্যাদি। ব্র্যান্ডের চশমাগুলো পাওয়া যাবে ২৫০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে। যদিও ব্র্যান্ডের ফ্রেম কপি করে নকল ফ্রেম হরহামেশাই তৈরি হচ্ছে। তাই ব্র্যান্ডের চশমা কিনতে হলে অবশ্যই যাচাই করে নিতে হবে।
