উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনামে পৌঁছেছেন।
বিবিসি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হ্যানয়ের নই বাই বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান অবতরণ করে।
এর আগে ট্রেনে করে চীন সীমান্ত দিয়ে ভিয়েতনামের ডং ড্যাং শহরে প্রবেশ করেন কিম। পরে কারে করে তিনি হ্যানয়ে পৌঁছান।
বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ট্রাম্প-কিমের মধ্যকার দুই দিনব্যাপী শীর্ষ বৈঠক। এর আগের বৈঠকটি হয়েছিল গত বছরের জুনে সিঙ্গাপুরের স্যান্টোসা দ্বীপে।
আট মাস আগের সেই বৈঠকটি ছিল কিমের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম বৈঠক।
দ্বিপাক্ষিক এই বৈঠকে কোরিয়া উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে জোর আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
