পাকিস্তান বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ভারত।
দেশটির সংবাদমাধ্যম এএনআই জানায়, দুই দেশের সীমান্তরেখা অতিক্রম করলে পাক যুদ্ধবিমানকে পাল্টা জবাব দেয় ভারত।
টাইমস অব ইন্ডিয়া জানায়, বুধবার সকালে ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের নওশেরার আকাশসীমায় ঢুকে পড়ে পাকিস্তানি বিমান। ভারত পাল্টা জবাব দিলে পিছু হটে প্রতিপক্ষ।
তবে পাকিস্তানি সীমান্তের তিন কিলোমিটারের অভ্যন্তরে একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়।
এদিকে ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত এবং একজন ভারতীয় পাইলটকে গ্রেপ্তারের দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করায় এ জবাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে দেশটি।
পাকিস্তান সশস্ত্র বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, “দুটি ভারতীয় বিমানকে পাকিস্তানের আকাশসীমায় ভূপাতিত করে পাকিস্তান বিমান বাহিনী।”
“এরমধ্যে একটি বিমান আজাদ কাশ্মীরে (পাকিস্তান অধিকৃত) এবং অন্যটি ভারত অধিকৃত কাশ্মীরে গিয়ে পড়ে। দুই পাইলটের মধ্যে একজনকে ওই এলাকায় থাকা সেনারা গ্রেপ্তার করেছে।”
কর্মকর্তাদের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআই জানায়, জম্মু-কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট নিহত হয়েছেন।
উত্তেজনাকর পরিস্থিতিতে শ্রীনগর, জম্মু, লেহ বিমানবন্দরে সব ধরনের বেসামরিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।
পাকিস্তানের বালাকোটে কথিত জইশ-ই-মুহাম্মদের ঘাঁটিতে ভারতীয় বিমান হামলার একদিন পর এ ঘটনা ঘটল।
মঙ্গলবার ভোরে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। এতে ৩২৫ জইশ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে ভারত। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহত হয়নি বলে দাবি করে পাকিস্তান।
এদিকে ওই হামলার জেরে সীমান্তে পাল্টাপাল্টি হামলায় পাকিস্তান শাসিত কাশ্মীরে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। অন্যদিকে ভারতের পাঁচ সেনা আহত হয়েছেন।
