ভারত ও পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির ধাক্কা লেগেছে দুই দেশের শেয়ারবাজারেও। বুধবার দু’দেশের শেয়ারবাজারেই দরপতন ঘটেছে বলে বিবিসি জানিয়েছে। এদিকে উভয় দেশের সীমান্তবর্তী বিমানবন্দরগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারতের প্রধানতম দুই শেয়ারবাজার সেনসেক্স এবং নিফটিতে ০.৫ শতাংশ দরপতন ঘটেছে। একইভাবে পাকিস্তানের প্রধানতম শেয়ার বাজার কেএসইতে দরপতন ঘটেছে প্রায় ৩ শতাংশ।
পাকিস্তানের বাজার পর্যবেক্ষকের মতে, গত ৫৫ কার্যদিবসে এটাই সবচেয়ে বড় দরপতন। শেষ ৩২ সেশনে এ প্রথমবারের মতো সূচক ছিল ৩৯ হাজারের নিচে।
এনডিটিভি জানায়, ভারতে সেনসেক্সে কমেছে ৬০০ পয়েন্ট এবং নিফটির পয়েন্ট ছিল প্রায় ১১ হাজার।
এদিকে পাল্টাপাল্টি বিমান অভিযানে দুই দেশের সীমান্তবর্তী শহরগুলোর বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
ভারতের একাধিক শহরে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে লাহোর বিমানবন্দরে বাতিল করা হয়েছে সব ধরনের ফ্লাইট।
পিটিআই জানায়, ভারতের শ্রীনগর, জম্মু, লেহ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। তার আগে সব ধরনের বেসামরিক ফ্লাইট স্থগিত করা হয় বিমানবন্দরগুলোতে।
একইভাবে পাকিস্তানের কয়েকটি শহরে একাধিক বিমানবন্দরে সকল ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলেনি পাকিস্তান কর্তৃপক্ষ।
তবে লাহোর আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, বিমানবন্দরটির সব ধরনের ফ্লাইট স্থগিত ও পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত এবং দুজন ভারতীয় পাইলটকে গ্রেপ্তারের দাবি করেছে পাকিস্তান। তারা একটি ভিডিও প্রকাশ করেছে।
অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ভারত। তবে পাকিস্তান এ দাবি নাকচ করে দিয়ে বলেছে, এ অভিযানে কোনো এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহারই করা হয়নি।
