অবশেষে পাকিস্তানকে ‘প্রমাণ’ দিল ভারত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৫ পিএম

কাশ্মীরভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদের বিস্তারিত তথ্য পাকিস্তানকে সরবরাহ করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানের মাটিতে জইশ-ই-মুহাম্মদের ঘাঁটি আছে এমন ‘প্রমাণ’ও দেওয়া হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এর আগে ‘প্রমাণ’ চাইলেও ভারত দিতে রাজি হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ‘প্রমাণ’ দেওয়া হবে বলে জানায় দেশটি। কিন্তু বুধবার সেই অবস্থান থেকে সরে আসল তারা।

বুধবার বিকেলে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সৈয়দ হায়দার শাহ’র হাতে ‘প্রমাণ’ তুলে দেন ভারতের কর্মকর্তারা। একই সঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ওই হামলায় ভারতের ৪৯ জন সেনা প্রাণ হারান। মোদি সরকারের দাবি, পাকিস্তানের মদদে এই হামলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবার ভারতের অভিযোগ অস্বীকার করে ‘কার্যকর প্রমাণ’ চান। সঙ্গে এও বলেন, ‘ভারত হামলা করলে আমরা উচিত জবাব দেব।’

এর ভেতর মঙ্গলবার পাকিস্তানের বালাকোটে কথিত জইশ-ই-মুহাম্মদের ঘাঁটিতে বিমান হামলা চালায় ভারত। এরপর বুধবার আবার তারা পাকিস্তানে ঢুকে হামলার চেষ্টা করে। এ সময় ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত এবং একজন ভারতীয় পাইলটকে গ্রেপ্তার করে পাক আর্মি।

একই দিন পাকিস্তান বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করে ভারতও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত