ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত ওয়ার্ডে ভোটের দায়িত্ব পালনের সময় একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণ সিটির ৭৪ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে দায়িত্ব পালনের সময় মোবারক হোসেন নামের এই সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়।
ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোবারক হোসেন আগে থেকেই অসুস্থ ছিলেন। বিভিন্ন ধরনের ওষুধ খেতেন। বৃহস্পতিবার নির্বাচনের দায়িত্ব পালনের সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে মোবারক হোসেনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলতে পারেননি রকিব উদ্দিন মণ্ডল।
বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত অংশের ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচনসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন/উপনির্বাচনের ভোট শুরু হয়ে তা চলমান আছে।
