অজয়-রাভিনা-কঙ্গনার সমালোচনায় ফাতিমা ভুট্টো

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১১ পিএম

চলমান ভারত-পাকিস্তান যুদ্ধের উত্তেজনার মধ্যে শান্তির বার্তা দিয়েছেন পাকিস্তানি লেখক ও দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর নাতনী ফাতিমা ভুট্টো। তিনি যুদ্ধ উন্মাদনা উস্কে দেওয়ায় ভারতীয় চলচ্চিত্র তারকা অজয় দেবগন, রাভিনা ট্যান্ডন ও কঙ্গনা রানাউতের সমালোচনা করেছেন।

পাশাপাশি শান্তি ও সংলাপের আহ্বান জানানোয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেছেন তিনি। আটক ভারতীয় বিমান সেনা অভি নন্দনকে ছেড়ে দেওয়ারও দাবি করেন ফাতিমা। 

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এ মতামত বিভাগের এক লেখায় এসব উল্লেখ করেন তিনি।

ইমরান খানকে ফাতিমা ভু্ট্টো বলেন, সুস্থ শরীরে যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় সেনাকে ফিরিয়ে দেওয়া হোক। আর তার মাধ্যমে বার্তা দেওয়া হোক, শান্তি ও মানবতাকে মর্যাদা দিতে চায় পাকিস্তান। এ ব্যাপারে পাক সরকার নাগরিকদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

৩৬ বছর বয়সী ফতিমা লিখেছেন, যুদ্ধে আমাদের (পাকিস্তান) প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হয়েছে। আমি কোনো পাক সেনাকে মরতে দেখতে চাই না। কোনো ভারতীয় সেনাকেও মরতে দেখতে চাই না। দেখতে চাই না, এভাবে হানাহানি, রক্তারক্তির মাধ্যমে এই অঞ্চলটা অনাথের উপমহাদেশ হয়ে যাক।

১৪ ফেব্রুয়ারি ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ওই হামলায় ভারতের ৪৯ জন সেনা প্রাণ হারায়। মোদি সরকারের দাবি, পাকিস্তানের মদদে এই হামলা হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবার ভারতের অভিযোগ অস্বীকার করে আসছেন। এর মধ্যেই দেশ দুটির সীমান্ত রেখায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এরপর মঙ্গলবার ভারতের বিমান পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। এতে তিন শ জঙ্গি নিহতের দাবি করে ভারত। তবে পাকিস্তান কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায়।

মঙ্গলবারের ভারতীয় হামলাকে সমর্থন দিয়ে দেশটির চলচ্চিত্র তারকারা সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট দেন। যার সমালোচনা করেন ফাতিমা ভু্ট্টো।

আরেক সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ভাইয়ের মেয়ে ফাতিমা লেখেন, ''সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় সাংবাদিকরা উৎফুল্ল হয়েছেন ওই আক্রমণে; বলিউড তারকারা যুদ্ধের পক্ষ নিয়ে মাঠে নেমে পড়েন, হামলাকে অভিনন্দন জানিয়ে অজয় দেবগন টুইটারে লেখেন,'সবচেয়ে বড় শক্তির সঙ্গে লড়তে আসলে, বাকিদের মতোই মরতে হবে', রাভিনা ট্যান্ডন উৎসাহের সঙ্গে লেখেন, 'কী বিস্ফোরক সকাল', কঙ্গনা রানাউত লেখেন বলিউডে কাজ করতে আসা পাকিস্তানি শিল্পীরা নয়, 'পাকিস্তানের ধ্বংসই আমাদের লক্ষ্য', এ  ছাড়া যারাই শান্তির পক্ষে কথা বলেছে সেখানে তাদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে''।

ফাতিমা ভুট্টো বুধবার দেওয়া ইমরান খানের ভাষণকে স্বাগত জানিয়ে শান্তির পক্ষে থাকার জন্য তার লেখায় সবাইকে আহ্বান জানান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত