দুদেশের মধ্যে যুদ্ধাবস্থার মধ্যে প্রায় ৬০ ঘণ্টা পাকিস্তানে আটক থাকার পর দেশে ফিরেছেন ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান।
এনডিটিভি জানায়, শুক্রবার রাতে দেশে ফিরে রীতিমতো বীরোচিত অভিনন্দন পাচ্ছেন এই উইং কমান্ডার।
তবে এখনো নিজের আটকাবস্থা ও দেশে ফেরার অনুভূতি নিয়ে বিস্তারিত তেমন কিছু বলেননি অভিনন্দন।
অবশ্য তাকে উদ্ধৃত করে বাহিনীর এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ভারতে ফিরে অভিনন্দন প্রথম বলেন- “এটা ভালো যে, আমার দেশে ফিরতে পেরেছি।”
এছাড়া তিনি জানান, পাকিস্তানি যুদ্ধবিমানকে তাড়া করার সময় বুধবার অভিনন্দনের মিগ-২১ বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়।
সাংবাদিকদের কোনো প্রশ্ন না নিয়ে একটি ছোট বিবৃতিতে ভাইস এয়ার মার্শাল আরজিকে কাপুর বলেন, “তার পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করা হবে। তাকে অনেক ধকলের মধ্য দিয়ে যেতে হয়েছে।”
প্রসঙ্গত, বুধবার দুই ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত এবং এক পাইলকে আটক করার ঘটনায় পাকিস্তানের সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এর আগের দিন ভোরে পাকিস্তানের বালাকোটে ভারত বিমান হামলা চালালে দুদেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়।
অবশ্য আটক ভারতীয় পাইলটকে ‘শান্তির মনোভাব’ প্রদর্শনের অংশ হিসেবে ফেরত দেওয়ার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্লেষকরা বলছেন, পাইলট অভিনন্দনের দ্রুত প্রত্যাবর্তনই দৃশ্যত এই মুহূর্তে দুদেশের মধ্যে পুরোদমে যুদ্ধের সম্ভাবনা স্তিমিত করল।
অভিনন্দন বর্তমানের ফিরে আসার পর টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেন, “ঘরে ফেরায় অভিনন্দনকে স্বাগত! আপনার দৃষ্টান্তস্বরূপ বীরত্বে দেশ গর্বিত। আমাদের সশস্ত্র বাহিনী ১৩০ কোটি ভারতবাসীর গর্ব। বন্দেমাতরম!”
