সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলিতে নিহত ৪

আপডেট : ০২ মার্চ ২০১৯, ০২:৫৬ পিএম

অভিনন্দন ছাড়া পেলেও ভারত-পাকিস্তান সীমান্তে এতটুকু উত্তেজনা কমেনি। শুক্রবার রাতে দুপক্ষের গোলাগুলি হয়েছে। এতে ভারত নিয়ন্ত্রিত জম্মুর পুনচ জেলায় এক নারী এবং দুই শিশু নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের এক তরুণ নিহত হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের দাবি, পাকিস্তান সীমান্ত থেকে রাত সাড়ে দশটা নাগাদ ‘আক্রমণ’ শুরু হয়। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝুলাস গ্রাম।

নিহতদের মধ্যে রয়েছেন ২৬ বছর বয়সী গৃহবধূ রুবিনা কোসার। তার ৯ মাসের মেয়ে শবনম এবং ৫ বছর বয়সী মেয়ে ফাইজান। তার স্বামী মোহাম্মদ ইউনুস (৩২) ‍গুরুতর আহত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের দাবি, ভারত ‘আক্রমণ’ করে আজাদ কাশ্মীরের প্রধান শহর কোতলিতে। এ সময় ১৯ বছর বয়সী মুহাম্মদ সুধীর মারা যান। সকাল থেকেই এই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহত হয়েছেন আরও তিনজন নাগরিক। তারা হলেন আসজাদ আকবর (২২), নরেন আখতার (৩০) এবং হাফজা (১৪)।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। প্রায় প্রতিদিনই হচ্ছে সংঘর্ষ। এর ভেতর পাকিস্তানের হাতে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান আটক হন। তাকে শুক্রবার রাতে ফেরত দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত